শব্দের শব ছুঁয়ে বসে আছি, শব্দ আমার…
পুরোন পোশাক ছিঁড়ে সাধ হয় নতুন জামার।
আমাদেরও দিন ছিল,আজ নয় ক্ষত-বিক্ষত
ছেঁড়া জামা, তার কাঁধে হাত রেখে বন্ধুর মতো
কথা হত, আজ নয় ভরা গাঙে ভেসে গেছে হৃদি
মাথা খুঁড়লেও খুঁজে পাবে না শব্দ হারানিধি।
আদতে দৈন্যদশা, বাবা নেই, কে দেবে কিনে?
ফালাফালা করে দিই নখ দিয়ে নধর লিনেন
ক’দিন আগেও ছিল পরিধেয়, শব্দের সুতো
গা থেকে ছাড়িয়ে নিই অনায়াসে, স্মৃতি বিচ্যুত
আজ শুধু বসে থাকা, শব্দের শব ছুঁয়ে একা
শববাহকের দল চলে গেল, বলে গেল – ন্যাকা,
আগে যেন কোনোদিন দেখেনি যামিনী-ত্রিযামা!
শব্দের শব ছুঁয়ে বসে আছি, শব্দ আমার…
ছবি: অরিন্দম বসু

